বুক রিভিউ : তারেক মাসুদ : শূন্যের ভেতর এতো ঢেউ
বইটির অর্ধেক অংশ পড়েছি গলির রাস্তায় হাঁটতে হাঁটতে, পদ্মার তীরে বিকেলের রোদ গায়ে মাখতে মাখতে এবং বাকি অংশ রাস্তার পাশে বসে। বইটি খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, আবার বইটি পড়ে যে সময়ের অপচয় হয়েছে সেটাও নয়। তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ কথা বলেছেন তার ছেলে তারেক মাসুদকে নিয়ে। তার নিজের কথাও বলেছেন অবশ্য তবে সেগুলোতেও বিভিন্নভাবে ঘুরে ফিরে এসেছে তারেক মাসুদের কথা। নুরুন্নাহার মাসুদের বলবার ধরনটা ভালো লেগেছে। অবশ্য সম্পাদক যদি ঠিক ঠিক তার রেকর্ড থেকে শ্রুতি লিখন করে থাকেন তো। নুরুন্নাহার মাসুদের স্মৃতিচারণের ভেতর উঠে এসেছে তারেক মাসুদের বাবার কথা। মাটির ময়না চলচিত্রের আনুর বাবার কথা। তারেক মাসুদের মা স্পষ্ট করেই বলেন মাটির ময়না তারেক মাসুদের নিজের জীবনের কথা। কাগজের ফুল - হওয়ার কথা ছিল তার বাবার জীবন নিয়ে। তারেক মাসুদের মা বলতে চান, রানওয়ে সিনেমার জন্য তারেক মাসুদকে হত্যা করে হয়েছে। এই এক্সিডেন্ট সাধারণ নয়, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকলে সেটা তারেকের মায়ের জবানিতে তার ছেলের শৈশব, বেড়ে ওঠা বিভিন্ন বিষয় নিয়ে কিছু কথাবার্তা। আলম খোরশেদ যা বলেছেন বলতে চেয়েছেন সেটা কমবেশি সবাই জানে৷ তার তথ্যে কিছু অসংগতিও আছে।তিনি ক্যাথরিন সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা তারেক মাসুদের মায়ের দেয়া তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারেক মাসুদের সাথে সলিমুল্লাহ খানের দূরত্বের কারণটা আসল ঘটনা না জেনেও সম্ভবত আন্দাজ করে নেয়া যায়। সলিমুল্লাহ খান পন্ডিত মানুষ, তত্ত্বের বেড়াজালে আবদ্ধ।তত্ত্বের চোখ দিয়ে তিনি দেখতে চাইবেন এটা স্বাভাবিক। কিন্তু একজন প্রকৃত শিল্পী, লেখক বা নির্মাতার চোখ তো সেভাবে দেখতে চাইবে না। এখানেই সৃষ্টিশীল নির্মাতা / শিল্পীর সাথে তত্ত্ব কপচানো ভদ্রলোকদের আজীবনের মতানৈক্য। অবশ্য সলিমুল্লাহ খান তারেক মাসুদের সিনেমা কিভাবে বিশ্লেষণ করেন সেটা জানতে পারলে মন্দ হত না৷
এই বই না পড়লেও কোনো সমস্যা নেই। কারণ এতে এমন কিছু নেই যেটা না হলে তারেক মাসুদকে বোঝা যাবেনা। আমি গরীব পাঠক। সস্তায় পেয়েছি তাই কিনেছি।( মাঝে মাঝে বই না কিনলে ভালো লাগেনা)। এর থেকে কথা প্রকাশ থেকে বের হওয়া " চলচ্চিত্র যাত্রা" বইটি নিতে পারলে ভালো হত।
বইয়ের নামঃ তারেক মাসুদ : শূন্যের ভেতর এতো ঢেউ
প্রকাশকঃ ম্যাজিক লন্ঠন প্রকাশন
মূল্যঃ ৬০ টাকা

0 comments:
Post a Comment